সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি নাহিয়ানের
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১১ জুলাই ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন কমিটির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নাহিয়ান। তবে অভিযোগ নিষ্পত্তি না করেই গত ১৮ অক্টোবর কমিটি ঘোষণা করা হয়েছে।
নাহিয়ানের অভিযোগ, বিধি অনুযায়ী সাধারণ সভা আয়োজন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ না করেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাত্র তিনজনের নামের একটি প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠান। কমিটি গঠনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিধিমালা অনুসরণ করা হয়নি বলে তিনি দাবি করেছেন। এ ছাড়া, প্রক্রিয়াটিতে নানা ধরনের অভিযোগও তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন নাহিয়ান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তিনি নিয়ম মেনে কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেছিলেন। কিন্তু প্রধান শিক্ষক কারও সঙ্গে আলোচনা করেননি এবং তাঁর কথাও শোনেননি।
তিনি আরও বলেন, “অনেক কাজের চাপ থাকে। এর মধ্যে হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে গেছে, তাই কমিটি প্রকাশ পেয়েছে। এখন বিষয়টি খতিয়ে দেখা হবে।”
বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. জসিম উদ্দিন বলেন, অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সন্তানকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। যাঁর নাম অভিভাবক প্রতিনিধি হিসেবে প্রস্তাব করা হয়েছে, সেই নাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসার বোর্ডে পাঠিয়েছেন। বোর্ড সেই নাম রেখেছে।
তিনি বলেন, “এখন পুনরায় অভিযোগ এলে আমরা আবার বিষয়টি খতিয়ে দেখব।”
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে এমন ভুল কীভাবে হলো, জানতে চাইলে জসিম উদ্দিন এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান শিক্ষকের ভূমিকার কথা উল্লেখ করেন।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নাহিয়ান অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায় এড়াতে পারেন না। তাঁদের ভূমিকা তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিয়ান।
১১ জুলাই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া আবেদনে নাহিয়ান উল্লেখ করেন, সাধারণ সভা আয়োজন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ ছাড়াই কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া, প্রস্তাবিত অভিভাবক সদস্যের সন্তান বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত হওয়ায় তাঁর সদস্যপদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রযোজ্য বিধিমালা অনুযায়ী ওই ব্যক্তি অভিভাবক সদস্য হওয়ার যোগ্য নন, বলে দাবি করেন নাহিয়ান।
আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদ্য সাবেক অ্যাডহক কমিটির সভাপতি ও অভিভাবক প্রতিনিধির বিরুদ্ধে অতীতের আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাচারিতার অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
নাহিয়ানের দাবি, পূর্ববর্তী আবেদনের পর অভিযোগগুলোর নিষ্পত্তি ও তদন্তের বিষয়ে তাঁকে অবহিত করা হয়নি। এর মধ্যেই ১৮ অক্টোবর কমিটি ঘোষণা করা হয়েছে। তাই কমিটি গঠনের প্রতিটি ধাপ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি ঘোষিত কমিটির কার্যক্রম অবিলম্বে স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি এবং বিধি অনুযায়ী কমিটি গঠনের দাবি জানিয়েছেন। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত পরিচালনারও আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন
Array