‘শিল্পীদের যেন কারও কাছে হাত পাততে না হয়’ ভোট দিয়ে পিয়া জান্নাতুল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। ভোট দিয়ে বেরিয়ে তিনি সুষ্ঠু নির্বাচন, শিল্পীদের মর্যাদা এবং প্রবীণ অভিনয়শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিয়া বলেন, অনেক দিন পর শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে পেরে ভালো লাগছে। এবার ভোটকেন্দ্রের পরিবেশও আগের চেয়ে অনেক ইতিবাচক মনে হয়েছে তার কাছে।
তিনি বলেন, অনেকদিন পর ভোট দিতে আসলাম। এবারের পরিবেশটা আমার কাছে আরও বেটার লেগেছে। ফলাফল পর্যন্ত যেন এটা কন্টিনিউ থাকে। এমন কিছু যেন না দেখি বাসায় গিয়ে, যেটা নিয়ে মানুষ কথা বলছে। শেষ কয়েকবার অনেক অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি।
নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা জানিয়ে এই অভিনেত্রী বলেন, নির্বাচিতরা যেন শুধু সংগঠন পরিচালনাই নয়, শিল্পীদের কল্যাণেও কার্যকর ভূমিকা রাখেন।
পিয়ার ভাষায়, যারা নির্বাচিত হোক না কেন তারা যেন এফডিসির জন্য কিছু করে। যারা শিল্পী রয়েছেন তারা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে। কিন্তু তাদের যখন বয়স হয়, তেমন কাজের সুযোগ থাকে না। বয়স হলে একজন শিল্পী কীভাবে কাজের সুযোগ পাবে, কারও কাছে যেন হাত পাতা না লাগে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে- সমিতি যেন সেটা মাথায় রাখে।
ভোট দেওয়ার ক্ষেত্রে নিজের বিবেচনার কথাও জানান পিয়া। তিনি বলেন, প্রার্থীদের বেশির ভাগকেই ব্যক্তিগতভাবে চেনেন। তাই যাদের দায়িত্বশীল ও বিচক্ষণ মনে হয়েছে, তাদেরই ভোট দিয়েছেন।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।


আপনার মতামত লিখুন
Array