খুঁজুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

দেশের অভ্যন্তরীণ ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১০ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঝোড়ো আবহাওয়ার কারণে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই এমন অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

অভিনেতা সোহেল খান মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অভিনেতা সোহেল খান মারা গেছেন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মা রা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

রয়টার্সের প্রতিবেদন

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফিরতে চান ১৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফিরতে চান ১৬ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য এবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

মোহাম্মদ নাহিয়ান
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দুর্ভোগের অবসান ঘটবে না। এখন বড় চ্যালেঞ্জ হলো, মিয়ানমার আদালতের নির্দেশনা মেনে চলে কি না এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি হয় কি না।

সাত বছরের আইনি লড়াইয়ের পর ১৯ নভেম্বর দেওয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ভয়াবহতা উঠে এসেছে। দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। ২০১৭ সালের হত্যাকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের ঘটনাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়েতে বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম জ্বালিয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো ঘটনা রয়েছে।

রায়ের ১৩টি সিদ্ধান্তের মধ্যে ১১-৪ ভোটে মিয়ানমারকে অপরাধীদের বিচার না করা এবং গণহত্যার প্রমাণ ধ্বংস ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দায়ী করা হয়েছে। অন্যদিকে, ১৪-১ ভোটে প্রকাশ্য উসকানির অভিযোগ খারিজ হয়েছে। অভিযোগগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তে প্রমাণ ও আইনি ভিত্তির পার্থক্যও স্পষ্ট হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীরা রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও অন্যান্য অপরাধ চালিয়েছে। গাম্বিয়ার দাবি, এসব কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ আরও ১১টি দেশ মামলায় গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করে। এসব দেশের অংশগ্রহণ রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগেরও প্রতিফলন ঘটায়।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই দেশটির সামরিক কর্মকর্তা বা অভিযুক্ত ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে কারাগারে যেতে হবে, এমন নয়। আইসিজের এখতিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ। ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো প্রতিষ্ঠানের আওতাভুক্ত। ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় এবং ব্যক্তিগতভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া আলাদা।

রায় ঘোষণার পর মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা দেশটির সামরিক নেতৃত্বে পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তাও নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো আইসিজের রায় মানতে বাধ্য। কোনো পক্ষ রায় বাস্তবায়ন না করলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যেতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করলেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ এবং সদস্যদের মতপার্থক্য অনেক সময় সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের জন্য কূটনৈতিক গুরুত্ব

রোহিঙ্গা সংকটের প্রভাব বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগেও কক্সবাজারে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা বসবাস করছিলেন। দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ সামলাতে হচ্ছে।

আইসিজের রায় রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের বক্তব্যকে আরও জোরালো করতে পারে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রত্যাবাসনের বিষয়টি শুধু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে তাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কাজের সুযোগ, আইনি পরিচয় এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তারা আবারও একই ধরনের নিপীড়ন ও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

অতীতেও কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় সেসব উদ্যোগ সফল হয়নি। এবারও শুধু প্রত্যাবাসনের সময়সূচি নির্ধারণ বা তালিকা তৈরির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করাই সবচেয়ে জরুরি।

এ জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চালু রাখা, গণহত্যার প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও চালিয়ে যেতে হবে।

রায় বাস্তবায়নের চ্যালেঞ্জ

আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে আইনি ভিত্তি দিয়েছে। কিন্তু আদালতের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে মিয়ানমারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। আদালতের রায় এলেও রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেনি।

বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হলো এই আইনি অগ্রগতিকে কূটনৈতিক আলোচনায় কাজে লাগানো। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করতে হবে।

রোহিঙ্গারা নিজেদের দেশে নিরাপদে বসবাসের অধিকার ফিরে পেলেই এই রায়ের পূর্ণ তাৎপর্য প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, যারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এখন রায়ের বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের জন্য মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

মোহাম্মদ নাহিয়ান
সাংবাদিক