খুঁজুন
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ার) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলটি ৩৬টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে।

জুলাই গণঅভ্যুত্থানের ‘৩৬ জুলাইয়ের’ সম্মানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নতুন বাংলাদেশ গঠনে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।

এ ছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

যা আছে এনসিপির ৩৬ দফা ইশতেহারে-

১. জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের ওপর নির্ভরশীল, তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে।

২. জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন করা হবে।

৩. ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন এবং জাতি-পরিচয়ের কারণে যেকোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে প্রতিহত করতে স্বাধীন তদন্তের এখতিয়ারসম্পন্ন মানবাধিকার কমিশনের একটি বিশেষ সেল গঠন করা হবে।

৪. মন্ত্রী, এমপিসহ সব জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাৎসরিক আয় ও সম্পদের হিসাব, সরকারি ব্যয় ও বরাদ্দের বিস্তারিত ‘হিসাব দাও’ পোর্টালে সুস্পষ্টভাবে প্রকাশ ও হালনাগাদ করা হবে।

৫. আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি বৃদ্ধি করা হবে এবং স্বাধীন পদোন্নতি কমিশনের মাধ্যমে সরকারি চাকরির শতভাগ পদোন্নতি হবে পার্ফরমেন্সভিত্তিক। পে-স্কেল মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি তিন বছরে হালনাগাদ করা হবে এবং পে-স্কেলে ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।

৬. বিভিন্ন কার্ডের ঝামেলা ও জটিলতা দূর করতে এনআইডি কার্ডকেই সব সেবা প্রাপ্তির জন্য ব্যবহার করা হবে।

৭. জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা, বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

৮. টিসিবির বিদ্যমান এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে ট্রাকে লাইনে দাঁড়িয়ে নয়, বরং নিবন্ধিত মুদি দোকানে ব্যবহারযোগ্য করা হবে।

৯. সুনির্দিষ্ট বাড়িভাড়া কাঠামো তৈরি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা ওয়াকফ সুকুক ভিত্তিতে সামাজিক আবাসন প্রকল্প গড়ে তোলা হবে।

১০. গরীব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে, কর ফাঁকি বন্ধ করে কর-জিডিপি ১২ শতাংশে উন্নীত করে শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগ করা হবে ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা হবে।

১১. পরিকল্পিতভাবে এলডিসি উত্তরণের জন্য আগাম এফটিএ সিইপিএ করা হবে। রপ্তানি বৈচিত্র্য ও নতুন শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক খাত (ব্যাংকিং, ইন্সুরেন্স ও পুঁজিবাজারে) শৃঙ্খলা ফেরানো হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ডেটাবেইস, কঠোর আইন, সম্পদ বাজেয়াপ্ত ও রাজনৈতিক অধিকার প্রত্যাহার নিশ্চিত করা হবে।

১২.স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হবে, ৯৯৯-এর মতো হটলাইন চালু ও জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

১৩. মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামানো হবে। ভুয়া ও বিভ্রান্তিকর অর্থনৈতিক ডেটা প্রকাশ বন্ধ করা হবে, রেগুলেটরি প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা ও স্কুলভিত্তিক আর্থিক শিক্ষা চালু করে জনগণের সঞ্চয় ও ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে।

১৪. ভোটাধিকারের বয়স হবে ১৬ এবং তরুণদের কণ্ঠকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে Youth Civic Council গঠন করা হবে।

১৫. আগামী পাঁচ বছরে দেশে এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এসএমই খাতে ক্যাশফ্লোভিত্তিক ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল, নিবন্ধন খরচ হ্রাস ও প্রথম ৫ বছরের করমুক্তি নিশ্চিত করা হবে।

১৬. সরকার-নিয়ন্ত্রিত প্লেসমেন্ট, ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বছরে ১৫ লাখ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে।

১৭. শিক্ষা সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে। শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও ৫ বছরে ৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

১৮. উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ স্থাপন করতে স্নাতক পর্যায়ে ৬ মাসের পুর্ণকালীন ইন্টার্নশিপ বা থিসিস রিসার্চ বাধ্যতামূলক করা হবে।

১৯. প্রবাসী গবেষকদের সিনিয়রিটি ও ল্যাবের জন্য এককালীন ফান্ডিং দিয়ে রিভার্স ব্রেন ড্রেইন করা হবে। কম্পিউটেশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটি ন্যাশনাল কম্পিউটিং সার্ভার তৈরি করা হবে।

২০. হৃদরোগ, ক্যান্সার, ট্রমা, বন্ধ্যাত্ব ও জটিল অস্ত্রোপচারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গড়ে তোলার মাধ্যমে বিদেশে মেডিকেল ট্যুরিজমের বিকল্প তৈরি করা হবে।

২১. দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সার্বজনীন জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য জিপিএস-ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স ও প্রি-হসপিটাল ইমার্জেন্সি সিস্টেম গঠন করা হবে, যেখানে ইমার্জেন্সি প্যারামেডিক রেসপন্স টিম সংযুক্ত থাকবে। সব বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে অত্যাধুনিক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট গড়ে তোলা হবে। প্রতি জেলা হাসপাতালে অন্তত একটি অত্যাধুনিক সুবিধা সম্বলিত আইসিইউ ও সিসিইউয়ের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

২২. প্রত্যেক নাগরিকের জন্য এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড এবং কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে সব নাগরিককে ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্সের আওতায় নিয়ে আসা হবে।

২৩. নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে।

২৪. সব প্রতিষ্ঠানে পূর্ণবেতনে ৬ মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। সরকারি কর্মক্ষেত্রে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে এবং ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে।

২৫. উপজেলা-ভিত্তিক বিকেন্দ্রীকৃত কাঠামোতে স্যানিটারি সামগ্রীসহ প্রয়োজনীয় নারীবান্ধব স্বাস্থ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হবে। এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি স্কুল ও কলেজে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।

২৬. একটি ‘ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল’ (ওয়ান-স্টপ সার্ভিস) গড়ে তোলা হবে, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন, কনস্যুলার সেবা, বিনিয়োগ ইত্যাদি সবকিছু অনলাইনে করা যাবে। বিমানবন্দর ও দূতাবাসে হয়রানি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর মনিটরিং চালু করা হবে।

২৭. প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা এবং বিমানে ‘RemitMiles’ নামে ট্রাভেল মাইলস প্রদান করা হবে।

২৮. প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভোটাধিকার, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

২৯. ঢাকা ও চট্টগ্রামে একক কর্তৃপক্ষের আওতায় সমন্বিত গণপরিবহন ব্যবস্থা করা হবে এবং মালবাহী ট্রেন বাড়িয়ে সড়কপথে ট্রাকের চাপ কমানো হবে।

৩০. দূষণকারী ইটভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন ও সবুজ প্রযুক্তি নিশ্চিত করা হবে। পাঁচ বছরে বিদ্যুতের অন্তত ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন ও সরকারি ক্রয়ে ৪০ শতাংশ ইলেকট্রিক ভেহিকল চালু করা হবে।

৩১. দেশের সব শিল্পকারখানায় ইটিপি (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং এর ব্যয় কমাতে কর ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। শিল্পদূষণ, নদী-খাল দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

৩২. এনআইডিভিত্তিক যাচাইয়ের মাধ্যমে কৃষকের কাছে সরাসরি ক্যাশব্যাকের মাধ্যমে সার, বীজ ও যন্ত্রে ভর্তুকি দেওয়া হবে। কৃষিপণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউজ স্থাপন করে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় নিশ্চিত করা হবে।

৩৩. দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ ও বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। খাদ্য ভেজালবিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

৩৪. ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিস্যা, শেখ হাসিনাসহ আওয়ামী সন্ত্রাসীদের ফিরিয়ে আনা, অসম চুক্তিসহ সব বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা ও আদালতে যাওয়া হবে।

৩৫. দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হবে।

৩৬. সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। পাঁচ বছরে সেনাবাহিনীতে একটি ইউএভি ব্রিগেড গঠন ও মাঝারি পাল্লার অন্তত আটটি সারফেস-টু-এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে।

রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

মোহাম্মদ নাহিয়ান
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দুর্ভোগের অবসান ঘটবে না। এখন বড় চ্যালেঞ্জ হলো, মিয়ানমার আদালতের নির্দেশনা মেনে চলে কি না এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি হয় কি না।

সাত বছরের আইনি লড়াইয়ের পর ১৯ নভেম্বর দেওয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ভয়াবহতা উঠে এসেছে। দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। ২০১৭ সালের হত্যাকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের ঘটনাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়েতে বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম জ্বালিয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো ঘটনা রয়েছে।

রায়ের ১৩টি সিদ্ধান্তের মধ্যে ১১-৪ ভোটে মিয়ানমারকে অপরাধীদের বিচার না করা এবং গণহত্যার প্রমাণ ধ্বংস ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দায়ী করা হয়েছে। অন্যদিকে, ১৪-১ ভোটে প্রকাশ্য উসকানির অভিযোগ খারিজ হয়েছে। অভিযোগগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তে প্রমাণ ও আইনি ভিত্তির পার্থক্যও স্পষ্ট হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীরা রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও অন্যান্য অপরাধ চালিয়েছে। গাম্বিয়ার দাবি, এসব কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ আরও ১১টি দেশ মামলায় গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করে। এসব দেশের অংশগ্রহণ রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগেরও প্রতিফলন ঘটায়।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই দেশটির সামরিক কর্মকর্তা বা অভিযুক্ত ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে কারাগারে যেতে হবে, এমন নয়। আইসিজের এখতিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ। ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো প্রতিষ্ঠানের আওতাভুক্ত। ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় এবং ব্যক্তিগতভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া আলাদা।

রায় ঘোষণার পর মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা দেশটির সামরিক নেতৃত্বে পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তাও নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো আইসিজের রায় মানতে বাধ্য। কোনো পক্ষ রায় বাস্তবায়ন না করলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যেতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করলেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ এবং সদস্যদের মতপার্থক্য অনেক সময় সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের জন্য কূটনৈতিক গুরুত্ব

রোহিঙ্গা সংকটের প্রভাব বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগেও কক্সবাজারে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা বসবাস করছিলেন। দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ সামলাতে হচ্ছে।

আইসিজের রায় রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের বক্তব্যকে আরও জোরালো করতে পারে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রত্যাবাসনের বিষয়টি শুধু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে তাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কাজের সুযোগ, আইনি পরিচয় এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তারা আবারও একই ধরনের নিপীড়ন ও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

অতীতেও কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় সেসব উদ্যোগ সফল হয়নি। এবারও শুধু প্রত্যাবাসনের সময়সূচি নির্ধারণ বা তালিকা তৈরির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করাই সবচেয়ে জরুরি।

এ জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চালু রাখা, গণহত্যার প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও চালিয়ে যেতে হবে।

রায় বাস্তবায়নের চ্যালেঞ্জ

আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে আইনি ভিত্তি দিয়েছে। কিন্তু আদালতের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে মিয়ানমারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। আদালতের রায় এলেও রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেনি।

বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হলো এই আইনি অগ্রগতিকে কূটনৈতিক আলোচনায় কাজে লাগানো। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করতে হবে।

রোহিঙ্গারা নিজেদের দেশে নিরাপদে বসবাসের অধিকার ফিরে পেলেই এই রায়ের পূর্ণ তাৎপর্য প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, যারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এখন রায়ের বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের জন্য মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

মোহাম্মদ নাহিয়ান
সাংবাদিক

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তারা নিশ্চিত নন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

মায়ের ভালোবাসা ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তার পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি বিশ্বজুড়ে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের বিষয়বস্তু তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীতে নিয়ে আসেন, তেমনি মাতৃভূমি মানুষকে দেয় নিজস্ব পরিচয়।

‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই বিশেষ পোশাকটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও আত্মনিবেদন- সবকিছুই তুলে ধরা হয়েছে এর নকশার ভাবনায়। এমন এক অনুভূতির প্রকাশ ঘটানো হয়েছে, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহিএই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি শুধু দেশের সৌন্দর্য ও ঐতিহ্যই তুলে ধরবেন না, বরং এমন এক আবেগের প্রতিনিধিত্ব করবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত ও অনুভবযোগ্য।

ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানবিক আবেগকে তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা। মায়ের ভালোবাসা যে দেশ, ভাষা কিংবা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বার্তাই পৌঁছে দিতে চান সামিরা খান মাহি।