ঈদের আগে ফাঁকা ঢাকা, কমেছে জনসমাগম
পবিত্র ঈদুল ফিতর শনিবার। অর্থাৎ রাত পোহালেই ঈদ। এরই মধ্যে লাখ লাখ রাজধানীবাসী পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন। অনেকেই আজও যাচ্ছেন। ফলে রাজধানী প্রায় ফাঁকা হয়ে পড়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে মূল সড়ক- সবখানেই জনসমাগম কমে গেছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলো একেবারেই ফাঁকা। গণপরিবহনের চলাচলও কমে গেছে। সিএনজি অটোরিকশা ও রিকশার সংখ্যাও তুলনামূলকভাবে কম দেখা গেছে।
রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, মিরপুর, সায়েদাবাদ ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন কম চলাচল করতে দেখা যায়। তবে সিএনজি অটোরিকশা ও রিকশা কিছু চলাচল করলেও তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
অন্যদিকে আবাসিক এলাকাগুলোতেও লোকজনের উপস্থিতি কমে গেছে। খিলগাঁও, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরা, ধানমণ্ডি, মিরপুর ও উত্তরা এলাকায় একই চিত্র দেখা গেছে।
বিশেষ করে দীর্ঘ ছুটি পাওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।
এদিকে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের টহল লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।


আপনার মতামত লিখুন
Array