প্রচার শেষ, অপেক্ষা ভোটের
নানা প্রতিশ্রুতিতে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন পুরো দেশ তাকিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের দিকে।
তফসিল অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় থেমে যায় মাঠের সব ধরনের নির্বাচনি প্রচার।
প্রচারের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। মাইকিং, মিছিল, পথসভা এবং ঘরে ঘরে ভোট চাওয়ার কর্মসূচিতে জমজমাট ছিল শেষ সময়। প্রতীক বরাদ্দের পর গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারপর্বে কোথাও নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে, আবার কোথাও সৃষ্টি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা ও জরিমানার ঘটনাও ঘটেছে।
তবে মাঠের প্রচার বন্ধ হলেও নির্বাচন ও গণভোটের দিন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকেরা সামাজিকমাধ্যমে প্রচারের দিকে ঝুঁকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বলছে, মাঠের প্রচারের মতো সামাজিকমাধ্যমেও সব ধরনের প্রচার নিষিদ্ধ থাকবে এবং বিষয়টি কঠোর নজরদারির আওতায় রাখা হবে।


আপনার মতামত লিখুন
Array