খুঁজুন
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সবাইকে সতর্ক থাকার আহ্বান সরকারের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
সবাইকে সতর্ক থাকার আহ্বান সরকারের

সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ বিবৃতি পাঠায়।

অন্তর্বর্তী সরকারের এ বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে-কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন।

এতে আরও বলা হয়, আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে- এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না।

আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।

দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের প্রতি আমরা বলতে চাই-আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই-সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

এনএটি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

গত দুইদিন টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা ও দর কষাকষির পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সক্ষম হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় প্রেস ব্রিফিং এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মলিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যমতে পৌছতে পেরেছে। শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে। এ জন্য বুধবারও মজুরি বোর্ড বৈঠক করবে।

তিনি আরও বলেন, ১-৩ গ্রেডে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা গেছে। ৪র্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌছাতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। সেই ভোটে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ৪ জন বোর্ড সদস্য ভোট দেন। বাকি দুই জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতার ভিত্তিতে কারখানাগুলো চাইলে এর বেশিও দিতে পারে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, অনেক দরকষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফিং করেন চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড় পর্যন্ত। এ সময় মোট ৬ দফা প্রস্তাব দেয় উভয়পক্ষ। সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌছায়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, বিগত দিনে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’র আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি। অতীতে আমরা আন্দোলন দমনে বুলেটের ব্যবহার দেখেছি, এবার তার ব্যতিক্রম ছিল। শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করার পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ অন্য কারো স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনও অসন্তোষ নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পরও কোন সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বাবুল আখতার জানান, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিক ছাঁটাই বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কাউকে হয়রানি না করতে মজুরি বোর্ড থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

সারাদিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের দীর্ঘ কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে ফেরার কথা থাকলেও তা করেননি তিনি। বরং দিনের কাজ শেষ না করেই ঘরে ফিরতে নারাজ প্রধানমন্ত্রী ছুটে গেছেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও সেখানে চালিয়েছেন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গার প্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সেই সকাল ৮.৩০টায় বাসা থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১- ২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরেন। ফিরেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।

 

বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর কিংবা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা তার চেহারা দেখেছেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে খুন, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ভাই, আসুক না। তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।

শেখ হাসিনা সারা দেশে তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা করছেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেওয়ার বিধান নেই। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও জানান তিনি।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।