খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

আলীরাজের জাদুতে বিস্মিত আন্তর্জাতিক দর্শক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
আলীরাজের জাদুতে বিস্মিত আন্তর্জাতিক দর্শক

বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এক ধাপ এগিয়ে নিতে আবারও সফল হলেন ম্যাজিক আইকন আলীরাজ। বিদেশি মঞ্চে আধুনিক জাদুর নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি শুধু দর্শকদের মুগ্ধ করেননি, বরং দেশের সুনাম ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

থাইল্যান্ডের ব্যাংককে ইমপ্যাক্ট এক্সিবেশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু বিনোদন মেলা। সেখানে নতুন চমক নিয়ে হাজির হন বাংলাদেশের আলীরাজ।

জানা গেছে, শিশুপার্ক ও চিত্তবিনোদন প্রযুক্তির বিশাল এই আয়োজনে প্রথমবারের মতো যুক্ত করা হয় জাদুশিল্পের সরাসরি প্রদর্শনী। আর সেই প্রথম আয়োজনেই কেন্দ্রে ছিলেন আলীরাজ।

মেলার ফরেন ট্রেড শো-এ বাণিজ্যিক জাদু প্রদর্শনের জন্য একমাত্র শিল্পী হিসেবে বিশেষ আমন্ত্রণ পান তিনি। প্রতিদিন ৩০ মিনিটের দুটি শোতে আলীরাজ তুলে ধরেন তার অভিনব ম্যাজিক পারফরম্যান্স; যা পুরো এক্সপো জোনে সৃষ্টি করে আলাদা উত্তেজনা। প্রতিটি প্রদর্শনী শেষে দর্শকদের দাঁড়িয়ে করতালি এবং প্রশংসা জানানোর দৃশ্য ছিল অভূতপূর্ব।

এদিকে বিশ্ব বিনোদন শিল্পের মর্যাদাপূর্ণ আয়োজন থাইল্যান্ড অ্যামুসমেন্ট অ্যান্য এট্যাকশন পার্ক এক্সপো- ২০২৫ এ আলীরাজের সর্বাধুনিক জাদু পরিবেশনা নতুন মাত্রা যোগ করে। চোখধাঁধানো তার প্রদর্শনী বিদেশি দর্শকদের মন জয় করে নেয় মুহূর্তেই এবং অনুষ্ঠানের অন্যতম আলোচিত আকর্ষণ হিসেবে স্থান পায়।

আলীরাজের ভাষায়, দেশের সাংস্কৃতিক পরিচিতি বিশ্বে ছড়িয়ে দিতে জাদুশিল্প একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। উপযুক্ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জাদুশিল্প আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত পরিসরে পরিচিত হবে।

জাদুশিল্পী আলীরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাদুর পতাকা বিশ্বে তুলে ধরছেন। আমেরিকা থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, কোরিয়া, চীনসহ নানা দেশে হোটেল, পার্ক, টিভি অনুষ্ঠান ও আন্তর্জাতিক মঞ্চে অসংখ্যবার অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে জাদুশিল্পী আলীরাজ শুধু একজন পারফর্মার নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক দূত।

বাংলাদেশে গম পাচার মা/মলায় অভিনেত্রী নুসরাতকে তলব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশে গম পাচার মা/মলায় অভিনেত্রী নুসরাতকে তলব

রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ সূত্রে জানা গেছে, বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত।

অভিযোগ, এই পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে।

তবে সূত্রের খবর, ২২ এপ্রিল কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তদন্তকারীদের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন নুসরাত জাহান। তিনি কলকাতায় নয়, বরং দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে হাজিরা দিতে চান।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের হয়ে পাঁচ বছরের জন্য বসিরহাট লোকসভা আসনের সাংসদ ছিলেন নুসরাত জাহান। সেই সময় দলীয় মনোনয়নে নির্বাচিত হলেও পরবর্তী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তবে দলটির সঙ্গে তার ঘনিষ্ঠতা এখনো রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

ইডির এই তলবের পর নুসরাত কী পদক্ষেপ নেন, তা নিয়ে চলছে জল্পনা। একইসঙ্গে তার আইনজীবীরা কী অবস্থান নেন, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।

দুই বছর মানবিকে পড়ে জানতে পারলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
দুই বছর মানবিকে পড়ে জানতে পারলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী!

কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে চরম বিপাকে পড়েছেন মোছা. জারিন তাসনিন সন্ধি নামের এক পরীক্ষার্থী। গত দুই বছর ধরে মানবিক বিভাগে পড়াশোনা করে পরীক্ষার ঠিক আগের দিন তিনি জানতে পারলেন, দাপ্তরিকভাবে তিনি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষকরা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে দিলে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। সন্ধি উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা তার।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধি জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করেন। এরপর ওই বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা চালিয়ে যান। দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৮০৭ নম্বর পেয়ে মানবিক বিভাগ থেকে তিনি প্রথম স্থানও অধিকার করেছিলেন। কিন্তু রোববার প্রবেশপত্র হাতে পেয়ে দেখেন, সেখানে তার বিভাগ উল্লেখ করা হয়েছে ‘ব্যবসায় শিক্ষা’ বা বাণিজ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিছানায় তার মানবিকের বইগুলো ছড়ানো। চোখেমুখে হতাশা নিয়ে সন্ধি বলেন, ‘এক দিন পর (২১ এপ্রিল) পরীক্ষা। এতদিন মানবিকে পড়েছি, প্রথম হয়েছি। অথচ প্রবেশপত্র দিল বাণিজ্যের। স্যারকে বললে তিনি বলেন আমি নাকি স্কুলে যাই না। এখন আমার পক্ষে বাণিজ্যের বই পড়া সম্ভব না।’

সন্ধি আরও জানান, নবম শ্রেণির শুরুর দিকে মাসখানেক তিনি বাণিজ্য বিভাগে ছিলেন। পরে পারিবারিক কারণে বিভাগ পরিবর্তন করে মানবিকে চলে যান। শিক্ষকদের তা জানালেও তারা নথিপত্রে তা সংশোধন করেননি বলে তার অভিযোগ।

এ বিষয়ে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘যে বিভাগে রেজিস্ট্রেশন হয়েছে, সেই বিভাগেরই কার্ড এসেছে। শিক্ষার্থী যদি কমার্সে ভর্তি হয়ে মানবিকে পড়াশোনা করে, তার দায় আমার নয়। কাল বোর্ডে যাব, দেখা যাক কী হয়।’ তবে তিনি ওই শিক্ষার্থীর রোল বা রেজিস্ট্রেশন নম্বর তাৎক্ষণিক জানাতে পারেননি।

অন্যদিকে, জোতমোড়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘মেয়েটি শুরুতে কমার্সে ক্লাস করেছে এবং রেজিস্ট্রেশনে স্বাক্ষরও করেছে। বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তা ও বোর্ডে কথা বলা হচ্ছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, বিকেল পর্যন্ত প্রধান শিক্ষক তাকে এ বিষয়ে কিছুই জানাননি। তবে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা চলছে।

তার পরিবার জানিয়েছে, বাবা-মা হারানো এতিম এই শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। মানবিক বিভাগের প্রবেশপত্র না পেলে কালকের পরীক্ষায় অংশগ্রহণ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

এছাড়াও মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেলের সদস্য। তিনি রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মরহুম আয়েন উদ্দীনের মেয়ে। তার বাবার বাড়ি রাজশাহী নগরীর কুমারপাড়া (বোয়ালিয়া থানার সামনে) এলাকায়।

সোমবার দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনকে মনোনয়ন ঘোষণা করে বিএনপি। মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।