খুঁজুন
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক, ১৪৩৩

মন্ত্রিসভায় ডাক পেলেন ফারজানা শারমীন পুতুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
মন্ত্রিসভায় ডাক পেলেন ফারজানা শারমীন পুতুল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নাটোর-১ ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

নাটোর-১ আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ইন্ডিয়ান এম্পায়ার ম্যাগাজিনের প্রতিবেদন

নতুন অধ্যায় সূচনার অপেক্ষায় বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
নতুন অধ্যায় সূচনার অপেক্ষায় বাংলাদেশ-ভারত

দিল্লিতে বন্ধুত্বের হাত মেলানোর অপেক্ষায় ভারত ও বাংলাদেশ। প্রতিবেশী দেশ দুটির সম্পর্কের নতুন অধ্যায় সূচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য তারিখ হিসেবে চলতি বছরের নভেম্বর মাস বিবেচনাধীন থাকলেও উভয়পক্ষই অনুকূল রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত দিয়েছে।

তারেক রহমানের জন্য ভারতে যাওয়ার আমন্ত্রণ উন্মুক্ত থাকলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি। ভৌগোলিক নৈকট্য, ইতিহাস ও বাণিজ্যে আবদ্ধ দুই প্রতিবেশী অবিশ্বাসের অস্থির সময় পেছনে ফেলে কার্যকর সম্পর্ক পুনর্নির্মাণ শুরু করতে পারবে কি না, এই হাত মেলানো সেই ইঙ্গিতই দেবে।

শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তা কাটাতে কূটনৈতিক পর্যায়ে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনে বিএনপির বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি তুলে ধরেন।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করে মোদির ব্যক্তিগত সমবেদনা বার্তা পৌঁছে দেন। কূটনৈতিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ঢাকা।

অন্যদিকে নয়াদিল্লিও তাদের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তবে ভারতের নতুন দূত মনে করেন, শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য তাড়াহুড়ো না করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতায় আসার পর প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, অর্থনৈতিক গতিশীলতা ও জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন তিনি। নির্বাচনের আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে সামনে এগোনো সম্ভব নয়। প্রতিশোধের রাজনীতি দেশের কোনো উপকারে আসবে না।

সম্প্রতি দুর্গাপূজায় রংপুরের একটি মন্দিরে উপস্থিত হয়ে তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ সমানভাবে সব ধর্মের মানুষের। একই সঙ্গে বিএনপির ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় কোনো একক দেশের ওপর অতি-নির্ভরশীল না হয়ে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার তাগিদ দেওয়া হচ্ছে, যাকে ওয়াশিংটন ও বেইজিংও স্বাগত জানিয়েছে।

তবে ঢাকা ও দিল্লির মধ্যে টেকসই সম্পর্ক তৈরিতে বেশ কিছু স্পর্শকাতর ও অমীমাংসিত ইস্যু বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তিস্তার পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা ও ভারতে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের যেমন নিজস্ব উদ্বেগ রয়েছে, তেমনি ভারতের ক্ষেত্রেও আঞ্চলিক ভারসাম্য ও নিরাপত্তা প্রধান বিবেচ্য।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পুরনো কাঠামোর পুনরাবৃত্তি না করে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের প্রতি শ্রদ্ধা রেখে এগোতে হবে। দিল্লিতে দুই নেতার সম্ভাব্য সাক্ষাৎ কেবল কোনো আনুষ্ঠানিক সমাপ্তি নয়, বরং একটি নতুন সম্পর্কের সূচনা মাত্র। তবে নতুন এই সূচনা দুই দেশের মানুষের কল্যাণে কার্যকর রূপ নেবে কি না তা পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।

রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও লাগবে নিবন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও লাগবে নিবন্ধন

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন ও বিশেষায়িত খাদ্যপণ্যের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক হচ্ছে। নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের পিঠা, পুরি-পেঁয়াজুর দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের খাদ্য ব্যবসা অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’-এর আওতায় এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে প্রণীত প্রবিধানমালাটি গত ১৬ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত হয়। নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের ১ নভেম্বর থেকে প্রযোজ্য নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ।

নতুন বিধান অনুযায়ী, রাস্তার পাশের খাবারের দোকান ছাড়াও রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং প্রতিষ্ঠান, দুগ্ধপণ্য প্রস্তুতকারী, প্যাকেটজাত খাবারের উৎপাদক, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং নির্ধারিত শ্রেণির খাদ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আসতে হবে।

প্রবিধানমালায় নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করার বিধান রাখা হয়েছে। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে ব্যবসার ধরন অনুযায়ী লাইসেন্সসহ প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নতুন ব্যবস্থায় খাদ্যপণ্যের প্যাকেটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। এর ফলে উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি ভোক্তারা পণ্যের প্যাকেট থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনসংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগ জানাতে পারবেন। তবে শুধু নিবন্ধন নম্বর থাকলেই কোনো পণ্যের নিরাপত্তা নিশ্চিত হয় না; খাদ্যের মান বজায় রাখতে অন্যান্য প্রযোজ্য বিধিবিধানও মানতে হবে।

প্রবিধানমালায় বিশেষায়িত খাদ্যপণ্যের জন্য পৃথক অনুমোদনব্যবস্থাও রাখা হয়েছে। শিশুদের ফর্মুলা দুধ, বয়স্ক ব্যক্তি ও নির্দিষ্ট রোগে আক্রান্ত মানুষের জন্য তৈরি বিশেষ খাদ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স নিতে হবে।

এ ছাড়া জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত খাদ্য, জৈব খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, অভিনব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ বা ফোর্টিফায়েড খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা বা রোগের ঝুঁকি কমানোর দাবি-সংবলিত পণ্যের ক্ষেত্রেও নির্ধারিত শর্ত অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধনই যথেষ্ট নয়; পণ্যের ধরন ও কার্যক্রম অনুযায়ী অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন হতে পারে।

লাইসেন্সের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। প্রবিধানমালার তথ্য অনুযায়ী, ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স ফি ১০ হাজার টাকা। অন্যদিকে, ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স ফি ৬০ হাজার টাকা। আবেদন করার আগে ব্যবসায়ীদের প্রবিধানমালার তফসিল-১০-এ উল্লেখিত ফি ও নিজ নিজ ব্যবসার জন্য প্রযোজ্য শর্ত যাচাই করতে হবে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে নিবন্ধন ও লাইসেন্সের আবেদন করা যাবে। পর্যায়ক্রমে শতভাগ অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে।

দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানালেন ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ও দল যাতে বিব্রত না হয়, এজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চাই।

এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে।

স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন ক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে হবে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদকবিরোধী ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোতে এই লড়াই অব্যাহত রাখা জরুরি।

মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, মাদক শুধু ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে না, এটি বাংলাদেশের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। এ কারণে মাদকের বিরুদ্ধে ঘোষিত অভিযান অব্যাহত রাখতে চাই।

সম্প্রতি মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন টকশোতে আইনজীবীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই অভিযানে অংশ নিয়েছি। স্থানীয় থানার ওসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে অবগত ছিলেন এবং অভিযানে যুক্ত ছিলেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করেছি।

ইশরাক বলেন, অভিযানে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে বিতর্কের কারণে মাদকের মূল সমস্যা আড়ালে চলে যাচ্ছে। এ বিষয়ে সমালোচনা না করে মাদকের স্পট, কারা এর সঙ্গে জড়িত এবং মূল হোতারা কারা, সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার ওপর জোর দিয়ে ইশরাক বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে দেশের ভবিষ্যৎ নিরাপদ করতে চাই।

সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। এখন থেকে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা এবং প্রয়োজনে অন্যান্য এলাকায় মাদক নির্মূল ও জনজীবনের সমস্যা সমাধানে কাজ করতে চাই।