১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, কবে আসছে ছাত্রদলের কমিটি?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ১২:২৮ পূর্বাহ্ণ

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচটি পদে সম্ভাব্য নেতাদের মধ্য থেকে ১৩ জনের একটি তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়া হয়েছে। তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবরও নেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কমিটি ঘোষণার বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।

কমিটি গঠনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক নেতা গণমাধ্যমকে জানায়, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংগঠনটি। সংশ্লিষ্টদের ভাষ্য, কমিটি কবে ঘোষণা হবে, তা প্রধানমন্ত্রী ছাড়া কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগও চলছে। তবে ছাত্রদলের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

নিয়মিত শিক্ষার্থী নাকি অভিজ্ঞ নেতৃত্ব

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য ১৩ নেতার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁদের অতীত কর্মকাণ্ড, পারিবারিক রাজনৈতিক পরিচয় ও জীবনযাপন যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে।

তবে নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে মতভেদ রয়েছে। একাংশ নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে আনার পক্ষে। অন্য অংশ তুলনামূলক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ পদে রাখতে চায়। এই মতপার্থক্যও কমিটি গঠনে বিলম্বের কারণ বলে জানা গেছে।

পদপ্রত্যাশীদের বাড়ছে উদ্বেগ

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি আগে হয়ে গেলে ছাত্রদলে পদ না পাওয়া নেতাদের অন্য সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ কমতে পারে- এমন আশঙ্কাও রয়েছে। দীর্ঘ অপেক্ষায় অনুসারীদের ধরে রাখা ও সাংগঠনিক ব্যয় সামলানো নিয়েও দুশ্চিন্তায় পদপ্রত্যাশীরা।

এদিকে আগামীকাল শনিবার গুলশানে দিনব্যাপী কর্মশালায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহানগর শাখার নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত হয়ে দিকনির্দেশনা দিতে পারেন।

সূত্র: প্রথম আলো

প্রিন্ট করুন