ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছেন।

পাশাপাশি রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের এই সময়ে দায়িত্বশীল অবস্থানে থাকা কয়েকজন সমন্বয়ক ও ছাত্রনেতা শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছেন। এ ধরনের আচরণ জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন। অন্যদিকে টাকাপয়সার বিনিময়ে টোকাই ও রিকশাচালকদের ব্যবহার করে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পলাতক অপশক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরসহ নির্দিষ্ট কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা কারাগারে থাকা নিজেদের বিপুলসংখ্যক নেতাকর্মীর পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ সংগঠনের দেওয়া হুমকি-ধমকিকে অবাস্তব উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশে সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে বিজয়ের মাস উদযাপন করা হবে। ১ ডিসেম্বর থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বিজয় উৎসব পালন করা হবে।

তিনি দাবি করেন, গত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

রাকিব বলেন, ৫ আগস্টের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি বলে দাবি করেন তিনি।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি বিশেষ ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদল সভাপতি। তাঁর অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হলেই একটি পক্ষ নিষ্ক্রিয় হয়ে পড়ে।

শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে কয়েকজন নেতার পারিবারিক কাজে সময় দেওয়া কিংবা শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার বিষয়টি তাঁকে ব্যথিত করেছে বলেও মন্তব্য করেন রাকিব।

অতীতের গণঅভ্যুত্থানের সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনাকাটা ও পারিবারিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। তাদের ‘গুপ্ত রাজনীতি’ করার ইচ্ছা থাকলে কিংবা প্রশিক্ষণের প্রয়োজন হলে ছাত্রদল প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার প্রশংসা ও তাদের ধন্যবাদ জানান তিনি।

প্রিন্ট করুন