বিয়ের খবর প্রকাশ্যে এনেই আলোচনায় এসেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বরের পরিচয় প্রকাশে এখনো আগ্রহী নন তিনি। বিয়ের ছবি প্রকাশ করলেও কৌশলে ফুল দিয়ে আড়াল করেছেন জীবনসঙ্গীর মুখ।
এবার সেই রহস্য আরও বাড়িয়ে স্বামীকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক রসাত্মক মন্তব্য। পুরুষকে ললিপপের সঙ্গে তুলনা করে লিখেছেন, মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য!
বরের সঙ্গে মুখ আড়াল করা একটি ছবি প্রকাশ করে পারশা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান।’
মজার ছলে আরও লেখেন, ‘এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’
পারশার এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে স্বামীর পরিচয় আড়ালে রাখা এবং তাকে নিয়ে এমন রসাত্মক মন্তব্য- দুই বিষয়ই কৌতূহল বাড়িয়েছে অনুসারীদের।
এর আগে গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান এই শিল্পী। ছবিতে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ফুল দিয়ে পুরোপুরি আড়াল করা ছিল তার মুখ। লাল পোশাকে বিয়ের সাজে ধরা দেন পারশা। তবে জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
পারশা জানিয়েছিলেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে ওই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি গায়িকার পরিবারের সদস্যরা। অন্যদিকে বরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ২:৩৩ অপরাহ্ণ