ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় ইজাজুল কবির রুয়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

 

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। শীর্ষ নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে জোর হিসাব-নিকাশ। এরই মধ্যে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে বর্তমান কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলের নাম।

ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় এই নেতা তৃণমূলের কাছে পরিচিত একজন লড়াকু ও পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব সামলেছেন রুয়েল।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে আটটি মামলা ছিল। একই সঙ্গে তিনবার কারাবরণও করেছেন তিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে এসব ত্যাগের কারণে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

ছাত্রদলের নতুন নেতৃত্ব বাছাইয়ে এবার ত্যাগী, পরীক্ষিত ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের গুরুত্ব দেওয়ার কথা আলোচনায় রয়েছে। সেই বিবেচনায় রুয়েলের নামও সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্ব পাচ্ছে। সংগঠনের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এবং আন্দোলন-সংগ্রামে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া তার নেতৃত্বের অন্যতম শক্তি।

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড মাঠপর্যায়ের কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে বলে শোনা যাচ্ছে। সভাপতি পদে আলোচনায় থাকা রুয়েলও দায়িত্ব পেলে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রুয়েল বলেন, দায়িত্ব পেলে ছাত্রদলকে সুসংগঠিত করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবো।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোতে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই।

প্রিন্ট করুন