এমবাপ্পে-দেম্বেলে জাদুতে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ৮:৫২ পূর্বাহ্ণ

টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। যুক্তরাস্ট্রের বোস্টনে সহজেই মরক্কো বাধা পেড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূণ্য প্রধমার্ধের পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নিঁখুত লক্ষ্যভেদে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে ফরাসিরা। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে রানার্স-আপ হয়েছিল তারা। এবার তাদের সামনে টানা তৃতীয় ফাইনালের হাতছানি।

ফরাসি আগ্রাসন থামাতে শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়েছিল মরক্কো। ঘর সামলে প্রতি-আক্রমণে গোলের চেষ্টাই ছিল মূল লক্ষ্য। তবে সেভাবে তারা খোলস ছেড়ে বের হতে পারেনি। প্রথমার্ধ কেটেছে ফরাসিদের একের পর এক আক্রমণ রুখতে। ঘর সুরক্ষিত রাখতে রক্ষণভাগের নেতৃত্বে ছিলেন মরক্কো গোলকিপার ইয়াসিন বুনো। প্রথমার্ধে এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দেন এই তরুণ কিপার। এছাড়া উপামেকানো ও দুয়ের দারুণ প্রচেষ্টা রুখে দিয়ে গোলশূণ্য রাখেন। বিরতির পর মরক্কো কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। তাতেই আলগা হয় তাদের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক এমবাপ্পে।

ম্যাচের ৬০ মিনিট বক্সের ঠিক ওপর থেকে মার্কারকে ধোকা দিয়ে তার ডান পায়ের মাপা শট দূরের পোস্টে জড়ায়। এই বিশ্বকাপে আট গোল করে তিনি ধরে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। গত বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে করেছিলেন আট গোল। বিশ্বকাপের ২০ ম্যাচে সমান ২০ গোল পেলেন ফরাসি বিস্ময়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে তিনি।

সেই গোলের রেশ কাটতে না কাটতেই বোস্টনের গ্যালারিতে ফের ফরাসি ঢেউ তোলেন উসমান দেম্বেলে। বক্সের ঠিক বাইরে থেকে তার শটও রুখতে পারেননি প্রথমার্ধের নায়ক বুনো। এ বিশ্বকাপে দেম্বেলে পেয়ে যান পঞ্চম গোলের দেখা।

দুই গোলে পিছিয়ে যাওয়া মরক্কো এরপর জোড় চেষ্টা করেও ফরাসি রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। এ ম্যাচে তাদের অদম্য রূপটা ছিল পুরোপুরি অনুপস্থিত। তাই গত বিশ্বকাপে সেমিফাইনালের নিয়তিই বরণ করতে হয়েছে আফ্রিকান জায়ান্টদের। সেবারও ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে।

এবার ফ্রান্সের সামনে ফাইনালের হাতছানি। শুক্রবার দিবাগত রাতে স্পেন ও বেলজিয়ামের ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালের লড়াই ফরাসিদের।

প্রিন্ট করুন