২৫.৮ মিলিয়ন ফলোয়ার, ভোজিনহা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১২:২১ পূর্বাহ্ণ

বিশ্বকাপের মাঠে রূপকথা তৈরি করে এবার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুললেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দিয়াস, ফুটবল দুনিয়া যাকে একনামে চেনে ‘ভোজিনহা’ হিসেবে। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে টপকে এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া গোলরক্ষক এখন তিনি।

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেস-এ খেলা ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চলতি বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক যাত্রার মূল নায়ক। গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনকে আটকে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি।

এরপর নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে অতিরিক্ত সময়ে দল হারলেও, লিওনেল মেসির একাধিক আক্রমণসহ মোট ৮টি দুর্দান্ত সেভ করে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেন ভোজিনহা।

বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচের আগেও ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ছিল ১৮ মিলিয়নের কাছাকাছি। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই অতিমানবীয় পারফরম্যান্সের পর রাতারাতি তা আকাশচুম্বী হয়ে ঠেকেছে ২৫.৮ মিলিয়নে!

শুধু ইকার ক্যাসিয়াসই নন, এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন কেইলর নাভাস, থিবো কোর্তোয়া ও মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো তারকাদের। এমনকি কোনো একক খেলোয়াড় হিসেবে ভোজিনহার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এখন পর্তুগাল জাতীয় ফুটবল দলের অফিশিয়াল অ্যাকাউন্টের (২৫.১ মিলিয়ন) চেয়েও বেশি।

প্রিন্ট করুন