‘আইডল ফিরে এসেছে’ নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১:৪৩ অপরাহ্ণ

২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ইনজুরি কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তন।

দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয়।ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের ‘নাম্বার ১০’।

জাতীয় দলের হয়ে তার এই প্রত্যাবর্তনকে বিশেষভাবে উদযাপন করেছেন সতীর্থ ভিনিসিউস জুনিয়র। ম্যাচ শেষে নেইমারকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

ভিনিসিউস বলেন, ‘নেইমারের ফেরাটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ আমাদের আইডল ফিরে এসেছে। এমন একজন মানুষ, যে এখানে থাকার জন্য সবসময় লড়াই করেছে এবং নিজের সর্বোচ্চটা দিয়েছে। ইনজুরির ধকল কাটিয়ে সে ফিরে এসেছে। আমি আশা করি সে এভাবেই উন্নতি করতে থাকবে, নিজের সেরা ছন্দ ফিরে পাবে এবং পুরো টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।’

ব্রাজিল দলের বর্তমান প্রজন্মের অনেক খেলোয়াড়ের মতো ভিনিসিউসও ছোটবেলা থেকেই নেইমারকে আদর্শ হিসেবে দেখে বড় হয়েছেন। তাই জাতীয় দলে তার প্রত্যাবর্তন শুধু কৌশলগত দিক থেকেই নয়, মানসিকভাবেও দলকে বড় শক্তি জোগাবে বলে মনে করছেন অনেকে।

প্রিন্ট করুন