ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি। ঘোষিত তালিকায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজপথের সক্রিয়তা এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার ভিত্তিতে তুলিকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইডেন কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পারিবারিকভাবেও বিএনপির রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত তুলির বেড়ে ওঠা রাজনৈতিক পরিবেশে। তার বাবা ছিলেন নাটোরের লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি। সেই ধারাবাহিকতায় ছোটবেলা থেকেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।
বিগত আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখেন তুলি। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজপথে অবস্থানকালে হামলার শিকার হন। এছাড়া বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৩:২২ অপরাহ্ণ