আলোচিত শিশু মডেল, অভিনয়শিল্পী সিমরিন লুবাবা। শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিকমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ সন্ধ্যায় আরেক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। বাগ্দত্তার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে সিমরিন লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’
দুজনের ছবিটি পেছন থেকে তোলা, ফলে বাগ্দত্তাকে চেনা যাচ্ছে না। তার পরিচয়ও প্রকাশ করেননি।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। কেউ কেউ বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ বছর হয়নি।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে লুবাবা ফেসবুক পোস্টে লেখেন, তিনি এখনো বিয়ে করেননি। তার ভাষ্য, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ৯:৩২ অপরাহ্ণ