সাইকেল ব্যবহারে বিশ্বসেরার তালিকায়ও উঠে এসেছে বাংলাদেশের নাম। সম্প্রতি সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে বিশ্বের হাঁটা ও সাইকেলবান্ধব শহরগুলোর নাম।
গবেষকেরা ১২১টি দেশের প্রায় ১১ হাজার ৫৮৭টি শহরের গুগল ম্যাপের ডেটা ঘেঁটে এই তালিকা তৈরি করেছেন।
গবেষণা বলছে, সাইকেল চালানোর দিক দিয়ে বিশ্বের সেরা শহর এখন নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন। সেখানে বেশির ভাগ মানুষই সাইকেল চালান। গবেষকদের মতে, যেসব শহরে জনবসতি ঘন এবং প্রচুর বাইক লেন আছে, সেখানেই মানুষ বেশি সাইকেল চালান বা হাঁটেন।
এই গবেষণায় সাইকেল চালানোর চার্টে সেরা ১৫ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। তবে হাঁটার ক্ষেত্রে আমাদের দেশের চিত্রটি বেশ করুণ।
পরিসংখ্যান বলছে, আমরা প্রচুর হাঁটি। কিন্তু সেই হাঁটা আরামদায়ক নয়; বরং যুদ্ধজয়ের মতো। ফুটপাত নেই, থাকলেও ভাঙাচোরা, তার ওপর ফুটপাতে দোকান জঞ্জাল। আমাদের হাঁটার হার বেশি, এটা কোনো গর্বের বিষয় নয়। আমরা বাধ্য হয়ে বেশি হাঁটি। যতটুকু রাস্তা হেঁটে যেতে ২০ মিনিট লাগে, ওই পথ গাড়িতে গেলে অনেক সময় ৩০ মিনিটের বেশি সময় লাগে। তাই অল্প দূরত্বের রাস্তা মানুষ হাঁটতেই পছন্দ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৫ পূর্বাহ্ণ