১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের উত্তাল সময়ে তৎকালীন সরকারের বাহিনীর গুলিতে নিহত গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন। তার স্মরণে ডা. মিলন দিবস পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত তার সমাধিতে দলটির নেতারা পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা ও দোয়া পাঠ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন চত্বরে আরেক দফা শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ও হল কমিটিসমূহের নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, শহীদ মিলন ছিলেন গণতান্ত্রিক চেতনার প্রতীক- যার আত্মত্যাগ বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ মিলনের আদর্শ ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ । ৪:০০ অপরাহ্ণ