টাঙ্গাইলে উদ্যোক্তাদের সেমিনারে বিসিকের সনদ পেয়েছে ৫১ নারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ১১:৩৭ পূর্বাহ্ণ

‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। অনুষ্ঠানে সফলতা অর্জনকারী ৫১ নারী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল বিসিক শিল্পনগরী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বিসিকের টাঙ্গাইল কার্যালয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

তিনি বলেন, উদ্যমী নারীদের কথা বলতে গেলে প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নাম বলতে হয়। নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

বিসিক চেয়ারম্যান বলেন, উদ্যমী নারীরাই দেশের শিল্প খাতকে এগিয়ে নিচ্ছেন। শিল্পক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম। টাঙ্গাইলের বিসিক শিল্পনগরীকে শিল্পসমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে বিসিকের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিসিকের আঞ্চলিক পরিচালক মানছুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিন। শিল্পের দিকনির্দেশনামূলক প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. কানিজ মারিয়াম আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান নুরুল আলম, নাসিব টাঙ্গাইলের সভাপতি সাংবাদিক জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শেফালী বেগম, বিসিকের দক্ষতা ও প্রযুক্তি বিভাগের প্রকৌশলী দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি স্বপন ঘোষ।

আলোচনা শেষে সফলতা অর্জনকারী ৫১ জন নারী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেন অতিথিরা।

প্রিন্ট করুন