‘স্নেহের বন্ধন’ আসছে পূজায়

বিনোদন প্রতিবেদক:
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৩:০১ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজার আনন্দে নতুন মাত্রা যোগ করতে আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও মৌ খান।

ঢাকাই চলচ্চিত্রে এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জয় চৌধুরী। ২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘অন্তর জ্বালা’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিশেষ করে ‘হিটম্যান’-এ শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে এবং ‘অন্তর জ্বালা’য় জায়েদ খান ও পরীমনির সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন জয়। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয়ও তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য কাজ হিসেবে আলোচিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের সংগঠনেও সক্রিয় জয় চৌধুরী। সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন তিনি। সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু।

নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’-এ দর্শক জয় চৌধুরী ও মৌ খানকে দেখতে পাবেন অ্যাকশন, আবেগ ও সংগ্রামের গল্পে। পূজার উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

প্রিন্ট করুন