উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি রয়েছে। এবার ভোটার সংখ্যা ৫৭৩।
সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। ভোট দিতে আসা শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
এদিকে ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ব্যতিক্রমী আয়োজনে ভোট দিতে এফডিসিতে হাজির হন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। সোনালি রঙের পোশাক, কাঁধে শাল ও হাতে লাঠি নিয়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যান এই অভিনেতা। এফডিসির গেট দিয়ে ঢুকতেই তার পালকির শোভাযাত্রা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ১:৪৬ অপরাহ্ণ