ফরিদপুরে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা ও শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ১০:১২ অপরাহ্ণ

ফরিদপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডিইবি) ‌৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি ‌শামসুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আক্কাস আলী শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক মোফাজ্জেল হোসেন রেজা, ফরিদপুর ‌জেলা ছাত্রদলের সভাপতি ও (ডিইএব) এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ আদনান হোসেন অনু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহাজাদা খান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ‌সভাপতি নাজমুস সাকিব, সহ-সভাপতি বুলবুল আহমেদ নাঈম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌আইডিইবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ। এ সময় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা, আইডিইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আইডিইবির বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন। ‌‌তারা বলেন, ‌ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে বিগত দিনে ‌অনেক বড় অবদান রেখেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। কারিগরি ‌শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। এ কাজে ‌চমৎকার ভবিষ্যৎ রয়েছে। দেশের উন্নয়নে ‌ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ‌প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন।

বক্তারা বলেন, ‌নিজের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। আইডিইবি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে ‌তার বিপক্ষেও ‌একটি শক্তি কাজ করছে। আপনাদের এ ব্যাপারে ‌সচেতন থাকতে হবে। দেশের উন্নয়নে ‌এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নে ‌আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে ইঞ্জিনিয়ারিং পেশায় ‌শুধু ছেলেরা নয় ‌মেয়েরাও ‌অন্তর্ভুক্ত রয়েছে। এটা ভালো উদ্যোগ ‌এ সংখ্যা আরও বাড়াতে হবে। পলিটেকনিক ‌ইনস্টিটিউটে শিক্ষার মান ‌ধরে রাখতে হবে। আগামী দিনে যারা আইডিইবিকে ভালোবাসেন ‌আইডিইবিকে নিয়ে চিন্তা-ভাবনা করেন তাদের নিয়ে কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠান শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‌শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে‌।

প্রিন্ট করুন