ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলের জন্য শনিবার (১৫ নভেম্বর) উদ্বোধন হচ্ছে প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’।
শনিবার সদরঘাটের ভিআইপি টার্মিনাল থেকে ঐতিহ্যবাহী এ জাহাজের যাত্রা শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষী এ জাহাজের যাত্রা শুরু উদ্বোধন করবেন।
বিআইডব্লিউটিসি থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন সংরক্ষণের পর আধুনিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপে নদীপথে ফিরছে এ ঐতিহ্যবাহী জলযান।
নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফ বোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা।
ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে। স্টিমার পরিচালনায় থাকবেন ২৫ জন প্রশিক্ষিত কর্মকর্তা ও নাবিক।
সূত্র: বিডি-প্রতিদিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ১২:৫৮ অপরাহ্ণ